উম্মাহাতুল মুমিনিন। মুসলিম জাতির পুণ্যব্রতী নারীগণ, যারা ছিলেন রাসুলুল্লাহ সা.-এর একান্ত সহধর্মিণী। তাঁদের প্রত্যেকেরই চরিত্রমাধুরী ছিল অনন্য পবিত্র ও নবিজির ভালোবাসায় পরিপূর্ণ। নিবেদনের পরাকাষ্ঠায় কেউ কারো চেয়ে পিছিয়ে ছিলেন না কখনোই। রাসুলুল্লাহ সা. তাঁদের ব্যাপারে স্পষ্ট প্রসন্ন-বাণী উচ্চারণ করে বলেছেন, ‘আমার সঙ্গে জান্নাতি নারীদেরই বিয়ে হয়েছে।’
এই জান্নাতি নারীদের জীবনোপাখ্যান এক বিশাল সমুদ্র অথবা অবারিত আকাশ। ইসলামের প্রায়োগিক ও সার্বজনীন সত্য, ন্যায়নিষ্ঠা, সমস্যা ও সমাধান, আরব-অনারব, যুদ্ধ ও গোত্রদ্বন্দ্ব, ক্রীতদাস ও মুক্ত-স্বাধীন মানুষ, মানবতার বৃহত্তর কল্যাণ ও শান্তি প্রভৃতি অনুষঙ্গে এই জান্নাতি নারীদের রয়েছে প্রাতিস্বিক অবদান।